
মনিরুল হক চৌধুরী আরও বলেন, ইপিজেডে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে কর্তৃপক্ষ এক পক্ষকে সুবিধা দেওয়ার জন্য আরেক পক্ষকে উস্কে দিয়ে পরিবেশ অশান্ত করার অভিযোগ উঠেছে। এ নিয়ে সম্প্রতি উনাইসার এলাকায় গুলি, ককটেল বিস্ফোরণসহ সন্ত্রাসী কর্মকাণ্ড করা হয়েছে। এখানকার ব্যবসায়ী ও বাসিন্দারা আতঙ্কের মধ্যে আছেন। এ অবস্থার নিরসন করতে হবে, অন্যথায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জবাবদিহির আওতায় আনা হবে।
নাগরিক কমিটির আহ্বায়ক মো. আবদুল ওয়াদুদের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর দক্ষিণ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ইসমাইল হোসেন মজুমদার, সাবেক কাউন্সিলর কাজী মাহবুবুর রহমান, নাগরিক কমিটির সদস্য সচিব মো. আবুল বাসার, অ্যাডভোকেট আক্তার হোসাইনসহ ইপিজেড ও আশপাশের এলাকার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এসময় বক্তারা ইপিজেডের নির্বাহী পরিচালকের বিরুদ্ধে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে একটি চক্রকে যোগসাজশে অবৈধ সুযোগ-সুবিধা প্রদান এবং সন্ত্রাসী-চাঁদাবাজদের মদদ দেয়াসহ শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করার অভিযোগ করেন এবং অবিলম্বে নির্বাহী পরিচালকের অপসারণ দাবি করেন।