শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা
গত কয়েকদিনে দেশের কয়েকটি অঞ্চলে তীব্র শীত অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির মতো কুয়াশা পড়তে দেখা গেছে। সূর্যের দেখা না মেলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে করে খেটে খাওয়া দিনমজুরসহ নিম্ন আয়ের মানুষ চরম বিপাকে পড়েছেন। ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া দীর্ঘ সময় বন্ধ রাখা হয়েছে নৌযান চলাচল। এমন অবস্থায় আবহাওয়া অধিদপ্তর বলছে, শীত বা ঠান্ডা কিছুটা বেশি অনুভূত হলেও আপাতত আগামী ১০ দিন শৈত্যপ্রবাহের কোনো সম্ভাবনা দেখা যায়নি। কিন্তু এই কয়দিন দেশের অন্যান্য অঞ্চলের স্বাভাবিক ঠান্ডা অনুভূত হলেও উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহের কাছাকাছি তাপমাত্রা নামতে পারে। ফলে এসব অঞ্চলে শীতও বেশি অনুভূত হতে পারে। বুধবার সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা এসব জানিয়েছেন। তিনি বলেন, ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে এবং জানুয়ারিতে ঠান্ডা সবচেয়ে বেশি অনুভূত হবে। তবে আগামী ১০ দিন শীতের প্রকোপ বেশি থাকার আভাস পাওয়া গেলেও শৈত্যপ্রবাহের সম্ভাবনা দেখা যায়নি। আবহাওয়া প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে। শৈত্যপ্রবাহ আসতেও পারে তবে সেটি উত্তরবঙ্গেই হওয়ার সম্ভাবনা বেশি। এদিকে উ…