গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু বকর সিদ্দিকুরের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত, মানহানিকর সংবাদ ও ফেসবুকে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা সদরের হোতাপাড়ায় তিনি এ সংবাদ সম্মেলন আয়োজন করেন।
সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কাজীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে সিদ্দিকুর রহমান লিখিত বক্তব্যে বলেন, আওয়ামী লীগের মদদপুষ্ট ও দালাল প্রকৃতির এবং ইয়াবা ব্যবসায়ী ও বনবিভাগের দালাল হিসেবে পরিচিত কতিপয় নামধারী সাংবাদিক তার ও দলের সিনিয়র নেতাকর্মীদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত মানহানিকর সংবাদ প্রকাশ করে তা বিভিন্ন অফিস, ব্যক্তি, ফেসবুক এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে আপলোড করছে। এতে তাদের দলীয়ভাবে এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছে।
তিনি বলেন, বিগত সরকারের সময় বিএনপির অগণিত নেতা কর্মীদের ঘরবাড়িতে হামলা ও মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। ওই সরকারের দোসর হিসেবে কিছু কিছু গণমাধ্যম কাজ করেছে। আমি বিগত ১৭ বছর অনেক হামলা মামলা সহ্য করেছি এবং এলাকার জনগণ আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেছিল। আমি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে তারা (তৎকালীন সরকারের লোকজন) আমার কাজে বাধা প্রদান করেছেন। দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে এই ধরনের কোনো কাজ আমি কখনই সমর্থন করি না এবং কাউকে সেই কাজ করতে দেই না।
তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকার সময় জনগণের বিভিন্ন সুযোগ-সুবিধা এবং অবকাঠামোগত উন্নয়নের কারণে তৎকালীন সরকারের এমপি এবং মন্ত্রীদের দ্বারস্থ হতে হয়েছে। সে সময় তাদের সঙ্গে কাজ করার সময় ক্যামেরায় ছবি তুলে বিভিন্ন বেনামী পত্রপত্রিকায় নেতিবাচক সংবাদ প্রকাশ করা হয়। যারা এসব সংবাদ প্রকাশ করেছে তারা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে বলে তিনি অভিযোগ করেন। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকা এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য তিনি গণমাধ্যম কর্মীদের প্রতি আহবান জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির কোষাধ্যক্ষ ইসলাম উদ্দিন, ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির সভাপতি মুজিবুর রহমান, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক শরীফসহ গাজীপুর জেলা, সদর উপজেলা ও ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
