রবীন্দ্রসংগীতশিল্পী পাপিয়া সারোয়ার ভালোবাসতেন ব্যান্ডের গান

রবীন্দ্রসংগীতশিল্পী পাপিয়া সারোয়ার ভালোবাসতেন ব্যান্ডের গান
মারা গেছেন জনপ্রিয় রবীন্দ্রসংগীতশিল্পী পাপিয়া সারোয়ার। বাঙালি সংস্কৃতির প্রতি ছিল তাঁর প্রবল টান। নিয়মিত বই পড়তেন, পছন্দ করতেন শাড়ি পরতে। সুগন্ধির প্রতি ছিল বিশেষ দুর্বলতা। ব্যক্তিগত এমন অনেক কথাই তিনি বলেছিলেন প্রথম আলোর ক্রোড়পত্র ‘অধুনা’য় দেওয়া এক সাক্ষাৎকারে। এই শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে ২০১৫ সালের ৬ মে প্রকাশিত প্রতিবেদনটি আবার প্রকাশ করা হলো। বাসাটি তাঁর ধানমন্ডি লেক-ঘেঁষা। কোলাহলের শহরে কিছুটা যেন প্রাকৃতিক নীরবতার আভাস পাওয়া গেল ঝুলবারান্দায় বসে। এখানে বসেই প্রায় শেষবিকেলের সময়টুকু কাটে রবীন্দ্রসংগীতশিল্পী পাপিয়া সারোয়ারের। কখনো অস্তগামী সূর্যের দিকে চেয়ে, কখনো-বা বইয়ে মগ্ন হয়ে। ৩ মে (২০১৫ সাল) বাড়ির প্রিয় জায়গায় বসে কথাগুলো বলেন তিনি। বই পড়তে ভালোবাসতেন পাপিয়া সারোয়ার ছবি: কবির হোসেন কপালে মেরুন টিপ, চোখে কাজল, গলায় পুঁতির মালা। এই তো চিরচেনা পাপিয়া সারোয়ার। নিজেকে নিয়ে বলেন, ‘এটি আমার প্রতিদিনকার স্বাভাবিক জীবন। সাধনার মধ্যে, চর্চার সঙ্গে থাকলে সবাইকে নিয়ম মেনেই চলতে হয়। আর আমি তো ছোটবেলা থেকেই গোছানো জীবনে অভ্যস্ত।’ রবীন্দ্রসংগীত গাইছেন দীর্ঘদিন, একসময় পড়েছেন শান্তিনিকেতনে।…