অনলাইনে জুয়া খেলার অপরাধে চারজনকে আটকের পর প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সাতক্ষীরা তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মো. রাসেল এই কারাদণ্ডের আদেশ প্রদান করেন।
সাজাপ্রাপ্ত চার জুয়াড়ি হলেন- তালা উপজেলার জালালপুর গ্রামের আলী মোড়লের ছেলে জুয়েল মোড়ল (২৭), মহাম্মাদ আলী মোড়লের ছেলে বাদশা মোড়ল (১৯), জেঠুয়া গ্রামের আকছেদ শেখের ছেলে শহীদ শেখ (২১) ও মহাতাব উদ্দীনের ছেলে রেজাউল ইসলাম (৩৩)।
থানা সূত্রে জানা যায়, তালার জেঠুয়া বাজারে অনলাইন জুয়া খেলা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তালা থানা পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় রাত ৮টার দিকে সেখান থেকে চার জুয়াড়িকে আটক করা হয়। আটকের পর তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মো. রাসেল এর কাছে তাদেরকে হাজির করা হলে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার (১৩ ডিসেম্বর) তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, সম্প্রতি তালা উপজেলার বিভিন্ন এলাকায় অনলাইন জুয়া খেলা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।
অনলাইন জুয়া খেলে তাদেরকে আইনের আওতায় আনা হবে বলে জানান ওসি শেখ শাহিনুর রহমান।
