ঢাকা-আগরতলা-ঢাকা পথে চলাচলকারী শ্যামলী পরিবহনের একটি বাস গতকাল শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় দুর্ঘটনার কবলে পড়ে। বাসটি সড়কের পাশে একটি ভ্যানকে ধাক্কা দেয়। এ ঘটনাকে ভারতীয় সংবাদমাধ্যমে পরিকল্পিত হামলা হিসেবে প্রচার করা হচ্ছে। এর জবাবে সংবাদ সম্মেলন করে বিষয়টি স্পষ্ট করেছেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন দুর্ঘটনার কবলে পড়া বাসের চালকও। তাঁরা জানিয়েছেন, আগরতলা থেকে আসা বাসটিতে কোনো হামলার ঘটনা ঘটেনি, এটি নিছক সড়ক দুর্ঘটনা।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ সুপার কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে বলা হয়, ওই দুর্ঘটনায় বাসের যাত্রীদের কেউ আহত হননি বা আঘাত পাননি। তবে ব্রাহ্মণবাড়িয়ার ভ্যানচালক সামান্য আহত হয়েছেন। তবে ভারতের ত্রিপুরা রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী ঘটনাটি উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছেন। গতকাল শনিবার বিকেলে তাঁর ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে ঘটনার নিন্দা জানিয়ে ভারতীয় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের প্রশাসনের প্রতি আহ্বান জানান সুশান্ত চৌধুরী।
